প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২২ জুলাই) ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি,বিরিশিরি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জেলা ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় দুর্গাপুর উপজেলার ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। “মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক, এআই বিষয়ক” তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
কর্মশালায় সভাপ্রধান ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি